পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আগামী ২৪ জুলাই ঢাকায় কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। গত মাসে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এই আয়োজনের ঘোষণা দিলেও এবার প্রকাশ করা হয়েছে কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য এবং অনুষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্য। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে, আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতাবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক এই কনসার্ট অনুষ্ঠিত হবে রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটারস একাডেমিতে। ইতোমধ্যে গেটমাই টিকিট ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
দর্শকদের জন্য তিন ধরনের টিকিট রাখা হয়েছে। ‘দুরি’ জোনের টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত’ জোনের টিকিট ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর’ জোনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন দুপুর ২টায় প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় গেট বন্ধ হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত।
উল্লেখ্য, এই কনসার্টটি মূলত গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সময় সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পাশাপাশি টিকিট বিক্রিও শুরু হয়েছিল। তবে নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্ট বাতিল হয়নি; উপযুক্ত সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।
মেইন স্টেজ জানিয়েছে, আগের কনসার্টের যেসব টিকিটধারী এখনো রিফান্ড নেননি, তারা নতুন করে টিকিট না কিনেই এই কনসার্টে অংশ নিতে পারবেন। আর যারা রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে সেই আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় সক্রিয় করার সুযোগ পাবেন।
মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, চলতি বছরের সবচেয়ে বড় সংগীত আয়োজনের দ্বারপ্রান্তে তারা পৌঁছে গেছেন। তিনি শিল্পী, সহকর্মী এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।



