২২ বছরের খরা কাটিয়ে সেমিতে মরক্কো | চ্যানেল আই অনলাইন

২২ বছরের খরা কাটিয়ে সেমিতে মরক্কো | চ্যানেল আই অনলাইন

দাপুটে পারফরম্যান্স দেখিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। রাবাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০তে হারিয়ে দীর্ঘ ২২ বছর পর প্রতিযোগিতার সেমিতে পা রাখল তারা। টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে আফ্রিকার দেশটি। আরেক ম্যাচে মালিকে হারিয়ে সেমিতে পৌঁছে গেছে সেনেগাল।

প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে দুই অর্ধে দুই গোল করেছে মরক্কো। একটি করে গোল করেন ব্রাহিম দিয়াজ ও ইসমাইল সাইবারি। পুরো ম্যাচে ক্যামেরুন খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি। সবশেষ ২০০৪ নেশনস কাপের সেমিতে খেলেছিল দলটি।

২৬ মিনিটে কর্নার থেকে আইয়ুব এল কাবির ফ্লিকে বল পেয়ে পোস্টের কাছ থেকে জালে পাঠান ব্রাহিম দিয়াজ। ঊরুতে লেগে বল জালে প্রবেশ করলে টুর্নামেন্টে তার পঞ্চম গোল আসে। দ্বিতীয়ার্ধে সেট পিস থেকে আসে ইসমাইল সাইবারির গোল। ফ্রি-কিক থেকে আসা বল পেয়ে বাঁ-পায়ের নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনলে খেলেছিল মরক্কো। এবারও সেমিফাইনালে ওঠার ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি করল রেগরাগুইয়ের শিষ্যরা। ১৯৭৬ সালের পর প্রথম মহাদেশীয় শিরোপা জয় থেকে আর দুই ম্যাচ দূরে রয়েছে তারা।

আগামী বুধবার একই মাঠে সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে শনিবারের কোয়ার্টার ফাইনালে আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

Scroll to Top