
ব্রাসিলিয়া, ২২ আগস্ট – ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে ইংলিশ ক্লাব চেলসি। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে বেশ কয়েক বছর বাকি থাকলেও তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ক্লাবটি এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
শনিবার চেলসি কর্তৃপক্ষ চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। তবে নতুন চুক্তির আর্থিক বিষয়াদি গোপন রাখা হয়েছে। জাতীয় দলের হয়ে বড় মঞ্চে খেলার সুযোগ না পেলেও ক্লাব ফুটবলে নিজের সামর্থ্য দেখিয়েছেন পেদ্রো।
ইউরোপের বড় ক্লাবগুলোর নজর থাকলেও তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে চেলসিতেই রেখে দিল ক্লাব কর্তৃপক্ষ। নতুন চুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে পেদ্রো জানান যে চেলসির মতো বড় ক্লাবে দীর্ঘ সময়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে পারা তার জন্য গর্বের বিষয়।
২০২৫ সালের জুলাই মাসে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন থেকে চেলসিতে যোগ দেন এই ব্রাজিলিয়ান তারকা। যোগ দেওয়ার পরই ক্লাবটির হয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেন তিনি। বিশেষ করে চেলসির ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০টি গোল করেন তিনি। সেই সাফল্যের পুরস্কার হিসেবেই তাকে নিয়ে দীর্ঘমেয়াদি পথে হাঁটছে লন্ডনের ক্লাবটি। আগামী সোমবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে চেলসি।
এস এম/ ২২ আগস্ট ২০২৬


