২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে যেসব চমক

নতুন আইফোন উন্মোচনের চিরাচরিত সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোন সিরিজের সব মডেল একসঙ্গে প্রকাশ করা হলেও, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ২০২৭ সালের শুরুতেই তিনটি নতুন মডেল আলাদা অনুষ্ঠানের মাধ্যমে বাজারে আনতে পারে সংস্থাটি।

আইফোন

সম্ভাব্য এই তালিকায় রয়েছে আইফোন ১৮, সাশ্রয়ী মূল্যের আইফোন ১৮ই এবং দ্বিতীয় প্রজন্মের আইফোন এয়ার ২। চলতি বছরের সেপ্টেম্বরে প্রো সিরিজ এবং ফোল্ডেবল মডেল প্রকাশের পর, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এবং বিশেষ করে মার্চ মাসে এই তিনটি ফোন উন্মোচনের সম্ভাবনা প্রবল।

নতুন আইফোন ১৮ মডেলে নকশায় খুব বড় পরিবর্তন না থাকলেও এতে ৬ দশমিক ৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং শক্তিশালী ২ ন্যানোমিটার প্রযুক্তির এ২০ প্রসেসর ব্যবহার করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য এর পেছনে দুটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাকআপের জন্য ৪ হাজার ৪৩০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বড় ব্যাটারি থাকার জোরালো গুঞ্জন রয়েছে। এছাড়া নতুন আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা গুগল জেমিনি প্রযুক্তির সহায়তায় সিরিকে আরও স্মার্ট ও কার্যকরী করে তোলা হতে পারে।

অন্যদিকে, তুলনামূলক কম বাজেটের ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরি আইফোন ১৮ই মডেলেও শক্তিশালী এ২০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং বড় ব্যাটারির সুবিধা মিলতে পারে, তবে এর ডিসপ্লে রিফ্রেশ রেট ৬০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

পাশাপাশি দ্বিতীয় প্রজন্মের আইফোন এয়ার ২ মডেলটি আগের চেয়ে আরও পাতলা হওয়ার পাশাপাশি এতে অতিরিক্ত একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ১২ গিগাবাইট র‍্যাম এবং উন্নত এ২০ প্রো চিপসেট যুক্ত হতে পারে।

Scroll to Top