
ওয়াশিংটন, ২০ জুলাই – ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের শিরোপা জয়ের মুহূর্তে পুরস্কার বিতরণী মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শিরোপা হস্তান্তরের পর দীর্ঘক্ষণ মঞ্চে অবস্থান করায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।
ম্যাচের শুরু থেকেই ট্রাম্প তার স্ত্রীকে নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ভিআইপি গ্যালারিতে খেলা উপভোগ করেন। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানোর সময় গ্যালারির একটি অংশ থেকে বিদ্রুপ ও শিসধ্বনি শোনা যায়। তবে সেদিকে ভ্রুক্ষেপ না করে তিনি ইনফান্তিনোর সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন।
একপর্যায়ে বিশ্বকাপের ট্রফিটিও তাকে ছুঁয়ে দেখতে দেখা যায়। নির্ধারিত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে ইনফান্তিনোর সাথে মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। তারা দুজনে মিলে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পদক তুলে দেন। সবশেষে স্পেন অধিনায়ক রদ্রির হাতে শিরোপা তুলে দেন ট্রাম্প।
মূল বিতর্কের শুরু হয় এরপরই। স্পেনের ফুটবলাররা যখন শিরোপা নিয়ে উদযাপনে মাতবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন তখন ট্রাম্প মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। ফিফা কর্মকর্তারা তাকে মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করলেও তিনি সেখানে অনড় থাকেন।
পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাকে মঞ্চ থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবুও তিনি খেলোয়াড়দের পাশেই অবস্থান করে উদযাপনের মুহূর্তের সঙ্গী হন।
এর আগেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা জয়ের পর খেলোয়াড়দের সঙ্গে ট্রাম্পকে মঞ্চে দেখা গিয়েছিল। সেই সময় চেলসি অধিনায়ক রিস জেমস তাকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে এবারের ফাইনালে স্পেনের কোনো খেলোয়াড়কে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি।
এস এম/ ২০ জুলাই ২০২৬





