সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৬ রান করেছিল ঢাকা মহানগর। জবাবে মাহফুজুরের ৩ চার ও ৭ ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৮২ রানের পরও সিলেট ৭ উইকেট হারিয়ে থামল ১৫৫ রানে।
অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় অনেক আগেই ম্যাচ থেকে ছিটকে অবস্থায় গিয়েছিল সিলেট। শেষ ২ ওভারে দলটির দরকার ছিল ৩৯ রান। সেই ম্যাচকেই জাগিয়ে তোলেন মাহফুজুর। দলের শেষ ৩৭ রান তিনি একাই করেন।
১৯তম ওভারে বোলিংয়ে আসেন ঢাকা মহানগরের পেসার আবু হায়দার। তাঁর ওভার থেকে ২ চার, ১ ছক্কা ও এক সিঙ্গেলে ১৯ রান নেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাহফুজুর। শহীদুলের করা শেষ ওভারের সব কটি বল তিনিই খেলেন। স্ট্রাইকে থাকতে দ্বিতীয় বলে রান না নিলেও অন্য চার বলে ৩ ছক্কা ও এক ডাবলসে নেন ২০ রান। শেষ বলে দরকার ছিল ৪ রান; কিন্তু শহীদুলের লো ফুল টস বলটা লং অনের দিকে পাঠিয়ে নিতে পারেন ২।