
ঢাকা, ২৬ মার্চ – দীর্ঘ ১৭ বছর পর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর দখল থেকে গুলশানের নিজের বাড়িটি উদ্ধার করেছেন সাবেক আমলা ও বিএনপি নেতা এএইচ মোফাজ্জল করিম। অভিযোগ রয়েছে দখল করা ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ ও সিসা বার পরিচালনা করা হতো এবং ডিজে পার্টির আয়োজন চলত।
জানা যায় গুলশানের ৫০ নম্বর সড়কে ২০০৩ সালে পাঁচ কাঠা জমির ওপর এই ছয়তলা বাড়িটি নির্মাণ করেছিলেন মোফাজ্জল করিম। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী জোরপূর্বক বাড়িটির দখল নেন। পরবর্তী সময়ে সেখানে কোয়ালিটি ইন নামে একটি আবাসিক হোটেল চালু করা হয়। ছয়তলা এই হোটেলটিতে অবৈধ মদের ব্যবসা এবং নিয়মিত ডিজে পার্টির আয়োজনের বিষয়ে আপত্তি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্নভাবে হয়রানির শিকার হতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মোফাজ্জল করিম জানান দীর্ঘ এই সময়ে বাড়িটির ভাড়া বাবদ তার প্রায় ৭ কোটি টাকার বেশি পাওনা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে গিয়েও সে সময় কোনো কার্যকর সহায়তা পাননি।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। দখলদাররা আত্মগোপনে চলে গেলে ১১ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেখানে অভিযান চালিয়ে বিদেশি মদ জব্দ করে এবং দুজনকে গ্রেপ্তার করে। এরপর হোটেলটির অবৈধ কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং মালিকপক্ষ বাড়িটির দখল ফিরে পায়।
এদিকে মাসুদ উদ্দিন চৌধুরীকে সম্প্রতি একটি মানব পাচার মামলায় গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।
এনএন/ ২৬ মার্চ ২০২৬





