মুদ্রাস্ফীতি, ডলারের বিনিময় হার কিংবা রেমিট্যান্সের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে অনেক সময় জটিল মনে হয়। এসব অর্থনৈতিক সূচক দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলে, তা সহজ ভাষায় তুলে ধরতে তরুণদের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘অর্থল্যাব’। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলা ও ইংরেজি—দুই ভাষায় পরিচালিত এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য দেশের অর্থনৈতিক খবর সাধারণ মানুষের বোধগম্য ভাষায় উপস্থাপন করা। প্রচলিত সংবাদমাধ্যমের মতো শুধু খবর প্রকাশ নয়, বরং একটি অর্থনৈতিক ঘটনা মানুষের ব্যক্তিগত জীবন, পরিবার, ব্যবসা কিংবা চাকরিতে কী প্রভাব ফেলতে পারে, তা ব্যাখ্যা করাই অর্থল্যাবের উদ্দেশ্য।
প্ল্যাটফর্মটির সহপ্রতিষ্ঠাতা আদিত্য মল্লিক বর্তমানে যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি এবং আন্তর্জাতিক ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে স্নাতক করছেন। তাঁর সঙ্গে উদ্যোগটিতে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল মার্কেটিংয়ের শিক্ষার্থী জুবায়ের হোসেন এবং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী সারা আহমেদ।
আদিত্য মল্লিক বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়তে গিয়ে তিনি বারবার দেখেছেন, মূল্যস্ফীতি কিংবা সুদের হারের খবর নিয়মিত প্রকাশিত হলেও সাধারণ মানুষ বুঝতে পারেন না, এসব বিষয় তাঁদের বাজারের খরচ বা চাকরিতে কীভাবে প্রভাব ফেলে। দ্রুত খবর প্রকাশের প্রতিযোগিতায় না গিয়ে প্রকাশিত ও যাচাইযোগ্য তথ্য সহজ এবং শেখার উপযোগী করে উপস্থাপন করতে চান তাঁরা।
অর্থল্যাবের পরিবেশনার অন্যতম বৈশিষ্ট্য হলো, প্রতিটি খবরের মূল তথ্য ও সূত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য প্রভাব চারটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা। জেন-জি বা শিক্ষার্থীদের ক্ষেত্রে যাতায়াত, হাতখরচ ও মোবাইল ডেটার বাজেটে কোনো অর্থনৈতিক ঘটনার প্রভাব কী হতে পারে, তা তুলে ধরা হবে।
পরিবারের ক্ষেত্রে গুরুত্ব পাবে মাসের বাজার, বাসাভাড়া ও গৃহস্থালির খরচ। ব্যবসায়ীদের জন্য কাঁচামালের দাম, বিক্রি ও ঋণের ব্যয়ের বিষয়গুলো এবং চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন, ক্রয়ক্ষমতা ও চাকরির স্থিতিশীলতার প্রভাব ব্যাখ্যা করা হবে।

প্রতিটি ব্যাখ্যায় কী ঘটেছে, তথ্য কী বলছে এবং অর্থনৈতিক যুক্তিতে এর সম্ভাব্য ফল কী হতে পারে—এই বিষয়গুলো আলাদাভাবে তুলে ধরা হবে। কোনো খবরের ক্ষেত্রে পূর্বাভাস কিংবা ব্যক্তিগত বিনিয়োগের পরামর্শ দেওয়া হবে না। বরং পাঠকদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ানোই প্ল্যাটফর্মটির লক্ষ্য।
অর্থল্যাবের আরেকটি উদ্যোগ হলো পরীক্ষাধীন শিক্ষামূলক গেম ‘গড়ুন আপনার টাকার স্তূপ’ (Build Your Taka Stack)। বাংলাদেশের বাস্তবতার আদলে তৈরি এই খেলায় অংশগ্রহণকারীরা ১০ বছরের একটি কাল্পনিক যাত্রায় চাকরি, সঞ্চয়, বিনিয়োগ, ঋণ এবং ছোট ব্যবসা পরিচালনার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি তাঁদের সামলাতে হবে অপ্রত্যাশিত অর্থনৈতিক পরিস্থিতি।
গেমটিতে প্রকৃত অর্থের কোনো লেনদেন থাকবে না। তবে খেলার মধ্য দিয়ে ঝুঁকি, সুযোগব্যয় ও জরুরি সঞ্চয়ের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ধারণা শেখার সুযোগ থাকবে।
বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে প্রতিটি তথ্যের সঙ্গে মূল সূত্রের লিংক ও প্রকাশের তারিখ যুক্ত রাখার কথা জানিয়েছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ। কোনো সংবাদে ভুল থাকলে পাঠকেরা সরাসরি সংশোধনের অনুরোধ জানাতে পারবেন।
ভবিষ্যতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের অর্থনীতি ও বিজনেস ক্লাব, গবেষণা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে অর্থল্যাব দলের। তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে প্ল্যাটফর্মটিকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনাও রয়েছে তাদের।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
অর্থনীতির জটিল বিষয়গুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মিলিয়ে সহজভাবে বোঝানোর লক্ষ্য নিয়েই আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘অর্থল্যাব’।




