১২ মার্চ থেকে ফের চালু হচ্ছে ঢাকা-মালে সরাসরি ফ্লাইট, ভাড়া শুরু ৪৮ হাজার টাকা থেকে – DesheBideshe

১২ মার্চ থেকে ফের চালু হচ্ছে ঢাকা-মালে সরাসরি ফ্লাইট, ভাড়া শুরু ৪৮ হাজার টাকা থেকে – DesheBideshe

১২ মার্চ থেকে ফের চালু হচ্ছে ঢাকা-মালে সরাসরি ফ্লাইট, ভাড়া শুরু ৪৮ হাজার টাকা থেকে – DesheBideshe

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – আগামী ১২ মার্চ থেকে পুনরায় চালু হতে যাচ্ছে মালদিভিয়ান এয়ারলাইন্সের ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট। দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যে মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা এই উদ্যোগ গ্রহণ করেছে।

এ উপলক্ষে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে মালদিভিয়ানের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে গ্যালাক্সি এভিয়েশন সার্ভিসেসের সঙ্গে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে মালদিভিয়ান এয়ারলাইন্সের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ইয়াস এবং গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রাশীদ, মালদিভিয়ানের গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম এবং জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত শিউনিন রাশীদ বলেন, এই রুটটি পুনরায় চালুর ফলে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী হবে। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে দুই দিন—রবিবার ও বৃহস্পতিবার এই ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-মালে রুটের রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ হাজার ৮৮০ টাকা। ফ্লাইটগুলো ভোরের দিকে ঢাকায় অবতরণ করবে, ফলে যাত্রীরা সহজেই আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ ফ্লাইট ধরতে পারবেন।

মালদিভিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের চাহিদার কথা বিবেচনা করেই রুটটি পুনরায় চালু করা হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এই সেবা চালু হচ্ছে, যা প্রবাসী ও দেশে ফেরা যাত্রীদের জন্য সুবিধাজনক হবে। যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা এবং ফ্লাইটে বিনামূল্যে খাবার পাবেন। টিকিট বুকিংয়ের জন্য মালদিভিয়ানের অফিশিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার ১৬৭১ ব্যবহার করা যাবে। উল্লেখ্য, বর্তমানে মালদিভিয়ানের বহরে ২৬টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে এয়ারবাস এ৩৩০, এ৩২০, এটিআর এবং ড্যাশ সিরিজের বিমান অন্তর্ভুক্ত।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top