
ঢাকা, ৩০ জানুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার সকালে দূতাবাসের দাপ্তরিক ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই সতর্কবার্তা প্রচার করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নির্বাচনের সময়টিতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
নিরাপত্তা সতর্কতায় উল্লেখ করা হয়েছে যে আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা কিংবা উগ্রপন্থী হামলার ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র ও বিভিন্ন ধর্মীয় স্থান এসব হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বার্তায় এসব বিষয় উল্লেখ করে নাগরিকদের বড় ধরনের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। এছাড়া যেকোনো ভিড়ের কাছাকাছি অবস্থান বা চলাচলের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বরও একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছিল মার্কিন দূতাবাস।
এদিকে নির্বাচন ও গণভোটকে ঘিরে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন বা ইসি। আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। পাশাপাশি ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।
এই পরিস্থিতির কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস সীমিত পরিসরে সশরীরে সেবা প্রদান করবে বলে জানানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু করণীয় নির্ধারণ করে দিয়েছে দূতাবাস। এর মধ্যে রয়েছে বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, নিজের আশপাশ সম্পর্কে সর্বদা সচেতন থাকা এবং স্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রাখা। এছাড়া চোখে পড়ার মতো আচরণ বা অবস্থান এড়িয়ে চলা, জরুরি যোগাযোগের জন্য মুঠোফোন সবসময় চার্জ দিয়ে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং চলাচলের জন্য বিকল্প পথের পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬





