৯ বছরের কোনো শিশুর ডাইনোসর পছন্দ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তবে এত ছোট বয়সে জীবাশ্ম আর প্রাকৃতিক ইতিহাস নিয়ে নিজের জাদুঘর বানিয়ে ফেলা সত্যি বিরল ঘটনা।
অ্যান্ডারসন টেলরের বর্তমান বয়স ১১ বছর। সম্প্রতি সে একটি জাদুঘরের সর্বকনিষ্ঠ পুরুষ কিউরেটর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। ২০২৪ সালের ১০ আগস্ট সে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের কেমব্রিজে ‘কেমব্রিজ ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম’ তৈরি করেছে। তখন তার বয়স ছিল মাত্র ৯ বছর ৩৪০ দিন।
অ্যান্ডারসন অনেক আগে থেকে এই জাদুঘরের স্বপ্ন দেখে আসছিল। এক সাক্ষাৎকারে সে বলেছে, ‘আমার বয়স যখন মাত্র ৩ বছর, তখন আমি টিভিতে ডাইনোসরের একটি অনুষ্ঠান দেখি। এরপর নিজেই কিছু জীবাশ্ম খুঁজে বের করার সিদ্ধান্ত নিই। তখন ঘরের বাইরের রাস্তায় চলে যাই।’
কাকতালীয়ভাবে সে বাড়ির উঠানেই একটি প্রাচীন জীবাশ্ম পেয়ে যায়। সেই একটি আবিষ্কারই তার মনে প্রাচীন ইতিহাস জানার আগ্রহ জাগিয়ে তোলে।