হৃদয়-লিটনদের প্রতিভায় মুগ্ধ আর্থার | চ্যানেল আই অনলাইন

হৃদয়-লিটনদের প্রতিভায় মুগ্ধ আর্থার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চলতি বিপিএলে ভালো অবস্থানে আছে রংপুর রাইডার্স। ফ্র‌্যাঞ্চাইজিটির চার তারকা জায়গা পেয়েছেন বাংলাদেশর ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে। লিটন দাস তো অধিনায়কই। তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান লাল-সবুজদের প্রতিনিধিত্ব করবেন বিশ্বআসরে। লিটন-হৃদয়দের কাছে থেকে দেখছেন রংপুরের কোচ মিকি আর্থার। তাদের প্রতিভায় মুগ্ধ সাউথ আফ্রিকান তারকা কোচ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলন সেরেছে রংপুর। পরে সংবাদ সম্মেলনে আসেন মিকি আর্থার। জানান, বিশ্বকাপে রংপুরের চার ক্রিকেটারের উপর কড়া নজর রাখবেন তিনি।

বলেছেন, ‘এখানকার প্রতিভা দেখে মুগ্ধ। এখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আমাদের স্কোয়াড থেকে যারা বিশ্বকাপে যাচ্ছে, সবাই অত্যন্ত দক্ষ। অধিনায়ক হিসেবে লিটন দাসের সাথে পরিচিত হওয়াটা দারুণ ছিল। তাওহীদ হৃদয় একজন ফ্যান্টাস্টিক প্লেয়ার, একজন আধুনিক ব্যাটার। এরপর ফিজ এবং আমাদের অধিনায়ক (সোহান), সে যেভাবে দলকে নেতৃত্ব দেয় এবং প্রস্তুতি নেয়, অতুলনীয়। অবশ্যই বিশ্বকাপে তাদের উপর কড়া নজর রাখব।’

রহস্যময় স্পিনার হিসেবে আলিস আল ইসলামের নামটাও আলোচিত। চলতি আসরে খেলছেন রংপুর জার্সিতে। তার সম্ভাবনা দেখছেন আর্থার, ‘আমার মনে হয় সে ভবিষ্যতে জাতীয় দলের জন্য অনেককিছু করতে পারবে। তার দক্ষতা অসাধারণ। নিবিড়ভাবে দেখেছি, খুব ভালো করছে। তাকে এখন যা করতে হবে তা হল, ফিটনেস আরও বাড়ানো। হাঁটুর বড় চোট কাটিয়ে ফিরেছে। যদি ফিল্ডিং উন্নত করে এবং ফিট থাকে, তার আন্তর্জাতিক ক্রিকেট না খেলার কোন কারণ নেই।’

Scroll to Top