হুমায়ূন সাগরে কিছুক্ষণ | চ্যানেল আই অনলাইন

হুমায়ূন সাগরে কিছুক্ষণ | চ্যানেল আই অনলাইন

“কনটেমপোরারি মাস্টার আর্টিস্টদেরও আমরা সেলিব্রেট করবো রাষ্ট্রীয়ভাবে”- প্রায় মাস তিনেক আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এমন আশাবাদই ব্যক্ত করেছিলেন! পরে আরেক ঘোষণায় কালজয়ী কথা সাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদকে উদযাপনের কথা বলেছিলেন ফারুকী।

তারই অংশ হিসেবে হুমায়ূন আহমেদের প্রতি ট্রিবিউট জানিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হলো ডকুমেন্টারি। প্রায় সাড়ে ২৫ মিনিট ব্যাপ্তীর এই ডকুমেন্টারি পরিচালনা করেছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস।

১৪ নভেম্বর ডকুমেন্টারির একটি ফ্রেম শেয়ার করেছিলেন সংস্কৃতি উপদেষ্টা। যেখানে নুহাশ হুমায়ূনকে দেখা যায়, ডকুমেন্টারিতেও তিনি বাবা হুমায়ূন আহমেদকে নিয়ে বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেছেন।

হুমায়ূন আহমেদকে নিয়ে নির্মিত এই ডকুমেন্টারিটি মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,“তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখকই শুধু নন; একজন চলচ্চিত্রকার, নাট্যকার এবং গীতিকার হিসেবে অনন্য অর্জন রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর কলমে জলজ্যান্ত হয়ে ওঠে হিমু, মিসির আলী, রূপা, শুভ্ররা। বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি জগতের অন্যতম শক্তিশালী আইকন হুমায়ূন আহমেদের প্রতি ট্রিবিউট জানিয়ে নির্মিত হয়েছে ‘সেলিব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস’ সিরিজের এই পর্ব। এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি উদ্যোগ।”

প্রধান উপদেষ্টার শেয়ার করা এই ডকুমেন্টারি নিজের ওয়ালে শেয়ার করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, “লেটস টেক আ মোমেন্ট টু সেলেব্রেট দ‍্য ম‍্যান, দ‍্য মিথ। হুমায়ূন আহমেদ।”

ডকুমেন্টারিতে হুমায়ূন ও তার লেখা নিয়ে কথা বলেছেন কিংবদন্তী অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। হুমায়ূনের লেখা কথাসাহিত্য থেকে তাকে পাঠ করতেও দেখা গেছে। এছাড়া হুমায়ূনকে নিয়ে কথা বলেছেন লেখক, সাংবাদিক ফারুক ওয়াসিফ, লুনা রুশদি, পারমিতা হিমসহ অনেকে।

Scroll to Top