এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশের প্রো-ডেমোক্রেটিক (গণতন্ত্রপন্থী) ছাত্র আন্দোলনে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ হিলারি রডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন তরুণ নেত্রী তানজিনা তামিম হাফসা।
বুধবার ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি আয়োজিত অনুষ্ঠানে হাফসার হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি রডহ্যাম ক্লিনটন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে হিলারি ক্লিনটন বলেন, আজ আমরা যেসব নারীদের সম্মান জানাচ্ছি, তারা স্বৈরশাসনের মুখে দাঁড়িয়ে সাহসিকতার সঙ্গে কণ্ঠ তুলেছেন। নারীরা যখন প্রতিবাদে নামেন, তখন তারা এক অনন্য শক্তিতে পরিণত হন-যা স্বৈরশাসকরা ভয় পায়।
হাফসা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে পরিচিত। তিনি বলেন, আমি সেই নারীদের প্রতিনিধিত্ব করছি, যারা নীরব থাকা নিরাপদ জেনেও কথা বলার পথ বেছে নিয়েছেন।
এই বছর অন্য যারা এই পুরস্কার পেয়েছেন, তারা হলেন সাংবাদিক মারিয়া রেসা, পুলিৎজারজয়ী লেখক অ্যান অ্যাপলবাউম, বাংলাদেশের নারী শিক্ষার্থী নেত্রীদের প্রতিনিধি দলের তানজিনা তামিম এবং ভেনেজুয়েলার নারী রাজনৈতিক বন্দীরা।
বাংলাদেশি তরুণ প্রজন্মের আন্দোলনের মুখ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া তানজিনা তামিম হাফসাকে অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের নানা গণতান্ত্রিক সংগঠন। তিনি বর্তমানে ‘দ্য রেড জুলাই’ নামের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও আন্দোলনের অন্যতম মুখপাত্র।




