হাদি হত্যা মামলা: ভারতে গ্রেপ্তার আসামিদের ফেরাতে যোগাযোগ চলছে, আদালতে ফয়সালের নিজেকে নির্দোষ দাবি – DesheBideshe

হাদি হত্যা মামলা: ভারতে গ্রেপ্তার আসামিদের ফেরাতে যোগাযোগ চলছে, আদালতে ফয়সালের নিজেকে নির্দোষ দাবি – DesheBideshe

হাদি হত্যা মামলা: ভারতে গ্রেপ্তার আসামিদের ফেরাতে যোগাযোগ চলছে, আদালতে ফয়সালের নিজেকে নির্দোষ দাবি – DesheBideshe

ঢাকা, ২২ মার্চ – ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনতে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ঈদ পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। ডিবিপ্রধান বলেন মামলাটি বর্তমানে সিআইডির কাছে রয়েছে এবং আসামিদের দেশে ফেরানোর বিষয়ে সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

অন্যদিকে ১৪ দিনের রিমান্ড শেষে রবিবার এই হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের একটি স্থানীয় আদালতে হাজির করা হয়।

এর আগে গত ৮ মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে। এসটিএফ সূত্র জানায় তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বনগাঁয় আত্মগোপন করেছিল এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ছিল।

রবিবার আদালতে হাজির করার সময় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। হাদি হত্যার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন তিনি এ ধরনের কোনো কাজের সঙ্গে জড়িত ছিলেন না। তবে হত্যাকাণ্ডের সময় বাংলাদেশে অবস্থান করার বিষয়টি তিনি স্বীকার করেন।

এছাড়া ফয়সাল দাবি করেন নিহত হাদি জামায়াতের লোক ছিলেন এবং তিনি মন্তব্য করেন যে এই হত্যাকাণ্ডটি মূলত জামায়াত ও বিএনপির কোনো রাজনৈতিক চাল হতে পারে।

এ এম/ ২২ মার্চ ২০২৬



Scroll to Top