হলিউডকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন কিংবদন্তী নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো। তার মতে, বর্তমান হলিউড এমন এক ‘স্বাদহীন সসেজ ফ্যাক্টরিতে’ পরিণত হয়েছে, যেখানে ভুল কাস্টিং, দর্শক তোষণ এবং অর্থহীন গল্পে ভরে যাচ্ছে একের পর এক সিনেমা।
সম্প্রতি চলচ্চিত্রবিষয়ক প্রভাবশালী সাময়িকী ‘সাইট এন্ড সাউন্ড’-এ লেখা এক নিবন্ধে নিজের হতাশার কথা তুলে ধরেন টারান্টিনো। সেখানে তিনি বলেন, নতুন কোনো সিনেমা দেখার সময় এখন আর আগের মতো আনন্দ পান না। বরং ছবির নানা দুর্বলতা, অসংগতি ও কৃত্রিমতা খুঁজে বের করতেই সময় চলে যায়।
‘পাল্প ফিকশন’-খ্যাত এই নির্মাতা লিখেছেন, “আজকাল হলিউড থেকে বের হওয়া প্রায় প্রতিটি সিনেমাই ভুল কাস্টিং, দর্শক তোষণ কিংবা স্রেফ বোকামিতে ভরা। ফলে নতুন সিনেমাগুলো খুব দ্রুতই আগ্রহ নষ্ট করে দেয়।”
টারান্টিনোর মতে, গত ছয় বছরে নির্মিত অধিকাংশ সিনেমা তাকে হতাশ করেছে। এমনকি তিনি স্বীকার করেছেন, বর্তমানে সিনেমা দেখার চেয়ে বই পড়তেই বেশি আগ্রহ বোধ করেন।
তবে সবকিছুই যে তার অপছন্দ, তা নয়। সাম্প্রতিক কয়েকটি কাজের প্রশংসাও করেছেন তিনি। বিশেষ করে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘ওয়েস্ট সাইড স্টোরি’ এবং কেভিন কস্টনারের ‘হরিজন: অ্যান আমেরিকান সাগা’র প্রথম দুই অধ্যায় তার ভালো লেগেছে বলে জানিয়েছেন।
সবচেয়ে বেশি প্রশংসা করেছেন নতুন ক্রাইম থ্রিলার ‘দ্য রিপ’ এর। নির্মাতা জো কারনান পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন মেট ডেমন এবং বেন অ্যাফ্লেক।
ছবিটি সম্পর্কে টারান্টিনো লিখেছেন, “অনেক দিন পর এমন একটি নতুন সিনেমা দেখলাম, যা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে ধরে রাখতে পেরেছে। দুর্দান্ত পরিচালনা, অসাধারণ অভিনয় এবং শক্তিশালী চিত্রনাট্য- সব মিলিয়ে এটি আমার কাছে দারুণ লেগেছে।”
অবশ্য টারান্টিনোর এমন মন্তব্য নতুন নয়। এর আগেও সমসাময়িক চলচ্চিত্র ও অভিনেতাদের নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। গত বছর অভিনেতা পল ড্যানোকে নিয়ে কড়া সমালোচনা করে আলোচনায় এসেছিলেন। একই সঙ্গে ওয়েন উইলসন এবং ম্যাথু লিলার্ডের অভিনয় নিয়েও নেতিবাচক মন্তব্য করেছিলেন। এওএল




