
হরমুজ প্রণালি, ২২ মার্চ – হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, এই নির্ধারিত সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেবে বলে তিনি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন।
এর জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে, যদি তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে কোনো ধরনের আঘাত করা হয়, তবে তারা পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত সব জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে ভয়াবহ হামলা চালাবে।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিবিসি জানিয়েছে, গত কয়েক ঘণ্টার মধ্যে কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজে প্রজেক্টাইল সংক্রান্ত দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনা ঘটেছে দক্ষিণ ইসরায়েলে ইরানি হামলার পরপরই।
ওই হামলায় ইসরায়েলের ডিমোনা এবং আরাদ শহরে ১২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর আগে শনিবার দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটিতে ইরান দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে ওই হামলাটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এ এম/ ২২ মার্চ ২০২৬





