
হবিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি – হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও নিজেকে ছাত্রদল কর্মী দাবি করা মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন।
আদালতের বিচারক আব্দুল মন্নান মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেছেন।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ ৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ ২ আসনের সাবেক এমপি মজিদ খান, হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, একই আসনের সাবেক এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম।
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ জুলাই হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্স এলাকায় ছাত্র জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলিবর্ষণ করেন। এতে বাদী মাহমুদুল হাসানসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬




