ফ্রান্সের কোচ হওয়ার যে স্বপ্ন দেখেছেন জিনেদিন জিদান, অবশেষে তা পূরণ হতে যাচ্ছে। তবে অপেক্ষা আরো কয়েক মাস। ২০২৬ বিশ্বকাপ শেষেই ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে সাবেক কিংবদন্তিকে।
আগামী ১২ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় গড়াতে বিশ্বকাপ শেষেই প্রধান ফ্রান্সের কোচের পদ ছাড়বেন দিদিয়ের দেশম। ফ্রান্সের ডাগআউট থেকে বিদায় নেওয়ার ঘোষণা ইতিমধ্যে দিয়ে রেখেছেন তিনি। তারপরই দায়িত্ব নেবেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, জিদানের সঙ্গে নাকি চুক্তি করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। এখন শুধুই নাকি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
ফ্রান্সের জার্সিতে জিতেছেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের অনত্যম সদস্য ছিলেন জিদান। সেবছর ব্যালন ডি’অরও জেতেন সাবেক মিডফিল্ডার। ২০০৬ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়ে কোচিং ক্যারিয়ারের সুনাম অর্জন করেছেন তিনি। অনেক বিখ্যাত ক্লাবের কাছ থেকে কোচ হওয়ার প্রস্তাব পেলেও, কেবল রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা গেছে তাকে।
দুই মেয়াদে লস ব্লাঙ্কোসদের প্রধান কোচ ছিলেন। প্রথম মেয়াদে রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জেতান ৫৩ বর্ষী কোচ। রিয়ালের দায়িত্ব ছাড়ার পর একাধিক ক্লাব থেকে ডাক আসলেও জাতীয় দলের আশায় কাউকে সাড়া দেননি।




