সৌরবিদ্যুৎ সরঞ্জামে শুল্ক ছাড় নিশ্চিতের নির্দেশ এনবিআরের – DesheBideshe



ঢাকা, ১৭ আগস্ট – সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে সরকার ঘোষিত শুল্ক ও কর সুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কাস্টমস হাউজ এবং এলসি স্টেশনগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সংস্থাটি জানিয়েছে, সৌর প্যানেল ও ইনভার্টারের এইচএস কোড নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি থাকলেও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আমদানিকারকদের প্রাপ্য সুবিধা প্রদান করতে হবে।

এনবিআরের রাজস্ব ভবন থেকে সোমবার এক পরিপত্রের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, ২০২৬ ২৭ অর্থবছরের বাজেটে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হলেও মাঠপর্যায়ে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ও জটিলতা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি নজরে আসার পর এনবিআর এই পদক্ষেপ গ্রহণ করল।

নির্দেশনায় বলা হয়েছে, সৌর প্যানেল বা মডিউলের ক্ষেত্রে এইচএস কোডে ভিন্নতা থাকলেও শুধুমাত্র এই কারণে আমদানিকারকদের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সৌর প্যানেল এবং অন্যান্য সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য রেয়াতি হারে শুল্ক পরিশোধ করে পণ্য খালাস করা যাবে।

এছাড়া সৌর ইনভার্টার আমদানির ক্ষেত্রেও এইচএস কোড সংক্রান্ত জটিলতা নিরসন করেছে এনবিআর। পরিপত্রে স্পষ্ট করা হয়েছে যে, এইচএস কোডের পরিবর্তে পণ্যের বর্ণনাই প্রধান হিসেবে বিবেচিত হবে। ফলে কোডের পার্থক্যের কারণে কোনো আমদানিকারককে শুল্ক সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।

কোনো প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করতে চাইলে প্রয়োজনীয় সব পণ্যের ক্ষেত্রে মাত্র ১ শতাংশ কাস্টমস ডিউটি দিয়ে পণ্য খালাস করতে পারবে। তবে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে ১ শতাংশ কাস্টমস ডিউটির পাশাপাশি সাড়ে ৭ শতাংশ আগাম কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর প্রযোজ্য হবে, যা পরবর্তীতে সমন্বয়যোগ্য।

কাস্টমস আইন ২০২৩ এর ধারা ২৬৬ অনুযায়ী জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এনএন/ ১৭ আগস্ট ২০২৬



Scroll to Top