নোটিশদাতা সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের আগে ও পরে গৃহীত কূটনৈতিক উদ্যোগ, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে ও কীভাবে ওই দুই ব্যক্তির আটক, বিচারপ্রক্রিয়া, সাজা ও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য জেনেছিলেন, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে কী তথ্য ও নথি পাওয়া গেছে, কোনো তথ্য এখনো পাওয়া না গেলে এর কারণ ও বাকি কাজ শেষ করতে সময়সূচি আছে কি না এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এসব বিষয়ে বিশেষভাবে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে বিদেশে আটক ও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও জানাতে বলা হয়েছে।

