রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সন্তোষ প্রকাশ করে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, ‘আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর চাই।’
রামিসার বাবা আরও বলেন, আমরা যে ন্যায়বিচার চেয়েছিলাম, তা পেয়েছি। এই রায়ে আমাদের আশা পূরণ হয়েছে। আমি শতভাগ সন্তুষ্ট। প্রধানমন্ত্রীর দেওয়া সময়সীমার মধ্যেই কাঙ্ক্ষিত রায় এসেছে।
তিনি বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, কঠিন সময়ে যারা তাদের পরিবারের পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, তার মেয়ের হত্যার ঘটনায় দেওয়া এই রায় দ্রুত কার্যকর দেখতে চান।


