সেহরির সময় গ্যাস চুলা বিস্ফোরণ: ২ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

সেহরির সময় গ্যাস চুলা বিস্ফোরণ: ২ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রামে সেহরির সময় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও শিশুসহ একই পরিবারের ৯ জন সদস্য আহত হয়েছেন। গুরুতর আহতদের ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা এলাকায় মারা গেছেন গৃহবধূ পাখি বেগম ও তার শিশু কন্যা আয়েশা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সেহরি শেষে ফজরের নামাজের প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, পুরুষ সদস্যরা মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রান্নাঘরে চুলা বন্ধ করতে গেলে হঠাৎ বিকট শব্দে গ্যাস বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভেতর, দগ্ধ হন পরিবারের কয়েকজন সদস্য। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর অবস্থার কারণে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথেই কুমিল্লায় মৃত্যু হয় পাখি বেগম ও ছোট্ট শিশু আয়েশার।

পরিবারের উপার্জনকারী সাখাওয়াত, পেশায় একজন গাড়ির মেকানিক্যাল কারিগর, বর্তমানে শোক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এলাকাবাসী জানান, এটি ছিল একটি শান্ত, পরিশ্রমী ও সাদামাটা পরিবার। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্যাস সিলিন্ডার ও চুলা ব্যবহারে কোনো ত্রুটি বা অসতর্কতা থেকে বিস্ফোরণটি ঘটেছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার কারণ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এলাকাবাসী সবার কাছে দোয়া কামনা করেছেন।

Scroll to Top