সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রোগীর প্রতি মানবিক ও সেবামূলক মনোভাবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ (৮ আগস্ট) শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, চিকিৎসা পেশা শুধু একটি চাকরি বা পেশা নয়; এটি মানুষের জীবন ও কল্যাণের সঙ্গে সরাসরি যুক্ত। তাই চিকিৎসকদের মধ্যে মানুষের সেবা করার মানসিকতা থাকতে হবে। সেবার মানসিকতা ছাড়া চিকিৎসাসেবার কাঙ্ক্ষিত মান নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে চিকিৎসকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
সমাবেশে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে। জ্বালানি সংকট মোকাবিলা ও পরিস্থিতির উন্নয়নে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে একটি করে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।



