টানা দুই দিন ধরে সাজেকে আটকে থাকা প্রায় ১৫০ জন পর্যটক বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে নিজ নিজ গন্তব্যের পথে রওনা হয়েছেন। অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা সেখানে আটকা পড়েছিলেন।
জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক এলাকা বুধবার সকাল থেকে পানির নিচে তলিয়ে যায়। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়লে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণে যাওয়া প্রায় ৬০০ পর্যটক সাজেকে আটকে পড়েন। বৃষ্টির কারণে সড়কের পানি না কমায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না।
এ পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ উদ্যোগ গ্রহণ করে। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়ন (২০৩ পদাতিক ব্রিগেড)-এর তত্ত্বাবধানে বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করে।
বৃহস্পতিবার বাঘাইহাট জোনের সেনাসদস্যরা ভেলা ও নৌকার সাহায্যে পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সেনাবাহিনীর এ সহায়তায় সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫০ জন পর্যটক খাগড়াছড়ি জেলা সদরে ফিরতে সক্ষম হয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাজেকে আটকে থাকা বাকি পর্যটকদেরও ধাপে ধাপে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।




