সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক | চ্যানেল আই অনলাইন

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ কোস্ট গার্ড–এর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবন–এর শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটককৃত বাদশা শেখ (২৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে অংশ নেওয়া এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড সূত্রে আরও জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে কোস্ট গার্ড। অভিযানে করিম শরীফ বাহিনীর পাঁচটি আস্তানা ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Scroll to Top