সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

সীমান্তে অনুপ্রবেশ ও যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে লবণ চাষীদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনুপ্রবেশ রোধে বাহিনীটি সবসময় প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় তিনি বলেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন বা প্রশাসনিক সিদ্ধান্ত বাংলাদেশের সীমান্ত নীতিতে কোনো প্রভাব ফেলে না। বাংলাদেশ সবসময় সার্বভৌম সমতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সীমান্ত পরিস্থিতি নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের তথ্যের কোনো সত্যতা নেই বলে তিনি দাবি করেন।

তিনি জনগণকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

Scroll to Top