দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরীকে দায়িত্ব দিয়েছে সরকার।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত করপোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি হিসেবে রাজনীতিতে পরিচিত। দীর্ঘ সময় ধরে তিনি সিলেটে বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য।
তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।



