সিরিয়া থেকে নিজেদের সব সেনা ধাপে ধাপে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি খালি করে সেটি সিরীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আইএস বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে রয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যে এই গোষ্ঠীর যেকোনো তৎপরতার জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত।
তিনি বলেন, আইএসের উত্থানের সময় সিরীয় সরকারকে সহযোগিতা করতে আমরা সেখানে সেনা পাঠিয়েছিলাম। এখন পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। সিরিয়ায় তুলনামূলক স্থিতিশীলতা ফিরেছে এবং আইএসের হুমকি আগের মতো শক্তিশালী নয়। তাই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে একটি সেনা দল দেশে ফিরেছে এবং সংশ্লিষ্ট সামরিক ঘাঁটি সিরীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট সেনাদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে।
২০১৪ সালে সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে আইএস দ্রুত শক্তিশালী হয়ে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে তথাকথিত ‘খিলাফত’ ঘোষণা করে। সে সময় গোষ্ঠীটিকে দমন করতে প্রায় দুই হাজার সেনা সিরিয়ায় মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় এক হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।




