ছেলেদের এএফসি এশিয়ান কাপ বাছাই

ছেলেদের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। তবে প্রথম ম্যাচে কাঙ্খিত ফলাফল না পেলেও দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে বল দখল ও খেলার গতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চান বাংলাদেশ দলের হেড কোচ জেরার্ড জোন্স।
সিরিয়ার বিপক্ষে নামার আগে সংবাদমাধ্যমে জোন্স বলেন, ‘এটি আমাদের নিজেদের সামর্থ্য বা পরিচিতি দেখানোর একটি ভালো সুযোগ হতে যাচ্ছে। অবশ্যই, উজবেকিস্তানের বিরুদ্ধে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় আমরা হতাশ। তবে আমরা অত্যন্ত মানসম্পন্ন ও ট্যাকটিক্যালি শক্তিশালী একটি দলের বিরুদ্ধে খেলেছি, যারা দীর্ঘদিন ধরে একসাথে খেলছে এবং যাদের অনেক প্রতিভা রয়েছে।’
‘আমার মনে হয় আমাদের পরিকল্পনার বেশিরভাগ অংশই রক্ষণাত্মক কাঠামোর দিক থেকে কাজ করেছে। আমরা তাদের জন্য খেলাটা কঠিন করে তুলেছিলাম। সেই ম্যাচের ইতিবাচক দিকগুলো আমরা এই ম্যাচে কাজে লাগাতে চাই। এই ম্যাচে আমরা আগের ম্যাচের চেয়ে অনেক বেশি বল নিজেদের দখলে রাখতে চাই এবং খেলার গতি নিয়ন্ত্রণ করতে চাই। আমরা যা বলার মাঠেই বলতে চাই, সমর্থকদের জন্য সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
প্রথম ম্যাচে নিজেদের ভুলগুলো নিয়ে কোচ আরও বলেন, ‘প্রথম ম্যাচটি কার্যত আমাদের একসাথে প্রথম খেলা ছিল; সেখানে অনেক কিছুই প্রথমবার ঘটছিল। স্টেডিয়ামে প্রথম খেলা, প্রথম আন্তর্জাতিক ম্যাচ এবং কারও কারও জন্য এটি ছিল অভিষেক। শুরুতে সামান্য নার্ভাসনেস বা ‘স্টেজ ফ্রাইট’ ছিল।’
‘তবে সেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর আপনি যদি লক্ষ্য করেন, এমনকি প্রতিপক্ষও আমাদের প্রশংসা করেছে মিড-টু-লো ব্লকে আমাদের রক্ষণাত্মক সংগঠন দারুণ ছিল। অনেকেই এটা বোঝেন না, কিন্তু যে দল উইং দিয়ে আক্রমণ ঘোরায়, ফরোয়ার্ড লাইন থেকে পজিশন অদলবদল করে এবং যাদের ৫ নম্বর খেলোয়াড়ের মাধ্যমে মাঝমাঠ দিয়ে খেলার প্রবণতা থাকে, তাদের বিরুদ্ধে আপনাকে এভাবেই খেলতে হবে। তারা কিন্তু সেটা করতে পারেনি।’
ছেলেদের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…