সালমান শাহ থেকে শাকিব খান, মৌসুমীর নায়ক ছিলেন যারা

ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। কখনো রোমান্টিক নায়িকা, কখনো সংসারী নারী, আবার কখনো প্রতিবাদী চরিত্রে পর্দায় হাজির হয়েছেন। তার অভিনয়জীবনের শুরু সালমান শাহর বিপরীতে। এরপর একে একে ঢালিউডের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

মৌসুমী

অভিনেত্রীর জন্মদিন আজ। এদিনে জেনে নেয়া যাক- সালমান শাহ থেকে শাকিব খান, কারা ছিলেন মৌসুমীর নায়ক?

সালমান শাহ: ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌসুমীর। ছবিতে তার নায়ক ছিলেন প্রয়াত সালমান শাহ। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়ে এই জুটি। এরপর ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করেন তারা। অল্প সময়ের জন্য হলেও সালমান-মৌসুমী জুটি বাংলা চলচ্চিত্রের দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।

ওমর সানী: মৌসুমীর পর্দার নায়কদের তালিকায় সবচেয়ে পরিচিত নামগুলোর একটি ওমর সানী। ‘দোলা’ সিনেমায় অভিনয়ের সময় তাদের পরিচয়, পরে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। বাস্তব জীবনের এই তারকা দম্পতি একসঙ্গে অভিনয় করেছেন ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘স্নেহের বাঁধন’, ‘গরিবের রানী’সহ বেশ কিছু সিনেমায়। নব্বইয়ের দশকে তাদের জুটি ছিল দর্শকের পছন্দের তালিকায়।

ইলিয়াস কাঞ্চন: ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গেও জুটি বেঁধেছেন মৌসুমী। ‘আদরের সন্তান’ ও ‘ভাঙচুর’-এর মতো সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে। দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনয়শিল্পীর এই জুটি পর্দায় ভিন্ন মাত্রা যোগ করেছে।

বাপ্পারাজ: রোমান্টিক ও পারিবারিক গল্পের সিনেমায় পরিচিত মুখ বাপ্পারাজের বিপরীতেও অভিনয় করেছেন মৌসুমী। দীর্ঘ ক্যারিয়ারে ঢালিউডের বিভিন্ন নায়কের সঙ্গে কাজ করার ধারাবাহিকতায় তার পর্দাসঙ্গী হয়েছেন এই অভিনেতাও।

রুবেল: অ্যাকশনধর্মী সিনেমার জনপ্রিয় নায়ক রুবেলের সঙ্গেও কাজ করেছেন মৌসুমী। ‘বিশ্বপ্রেমিক’ ও ‘ভাঙচুর’, ‘স্বজন’র মতো সিনেমায় তাকে রুবেলের বিপরীতে দেখা গেছে। রোমান্টিক গল্পের বাইরে ভিন্ন ঘরানার সিনেমাতেও যে তিনি স্বচ্ছন্দ, এমন কাজগুলোতে তার প্রমাণ মেলে।

মান্না: ঢালিউডের জনপ্রিয় নায়ক মান্নার সঙ্গেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। কাজী হায়াত পরিচালিত ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘কষ্ট’, ‘বর্তমান’, ‘ইতিহাস’ ও ‘মিনিস্টার’-এর মতো সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে। বিশেষ করে ‘আম্মাজান’ ও ‘কষ্ট’ তাদের অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে।

হুমায়ূন ফরীদি: মৌসুমীকে দুটি ছবিতে হুমায়ূন ফরীদির বিপরীতেও দেখা গেছে। ছবি দুটি হলো ‘বিশ্বপ্রেমিক’ ও ‘মাতৃত্ব’।

আমিন খান: মৌসুমীর পর্দার নায়কদের তালিকায় রয়েছেন আমিন খানও। ‘স্ত্রী কেন শত্রু’, ‘আম্মাজান’, ‘লাল দরিয়া’, ‘স্ত্রীর মর্যাদা’, ‘উত্তেজিত’ ও ‘আজ গায়ে হলুদ’-এর মতো সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন এই অভিনেতা। বয়স ও ক্যারিয়ারের সময়ের ব্যবধান থাকলেও পর্দায় জুটি বেঁধেছেন তারা।

অমিত হাসান: ঢালিউডের বেশ পরিচিত জুটি অমিত হাসান ও মৌসুমী। অনেক সিনেমাতেই তাদেরকে দেখা গেছে। তারমধ্যে ‘মৌসুমী’, ‘পাষানের প্রেম’, ‘দাগী’, ‘মাস্তান’, ‘আত্মত্যাগ’, ‘তুমি সুন্দর’, ‘জজ সাহেব’, ‘বিদ্রোহী বধূ’, ‘বৌয়ের সম্মান’ ইত্যাদি সিনেমাগুলো উল্লেখ্য।

ফেরদৌস: মৌসুমীর সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় কাজ করা নায়কদের মধ্যে ফেরদৌস অন্যতম। ‘মিস ডায়না’, ‘খায়রুন সুন্দরী’, ‘মেহের নিগার’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। মৌসুমীর পরিচালিত ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমাতেও ছিলেন ফেরদৌস। বিশেষ করে ‘খায়রুন সুন্দরী’ সিনেমার সাফল্য এই জুটিকে দর্শকের কাছে আলাদা পরিচিতি দেয়।

রিয়াজ: একসময় ঢালিউডের জনপ্রিয় রোমান্টিক নায়ক রিয়াজের সঙ্গেও পর্দা ভাগ করেছেন মৌসুমী। ‘মোল্লাবাড়ির বউ’ সিনেমায় তাদের জুটি ছিল প্রশংসিত। এছাড়াও ‘কুসুম কুসুম প্রেম’, ‘দুই পুরুষ’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়।

শাকিল খান: শাকিল খানের সঙ্গেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। ‘মগের মুল্লুক’, ‘আমার প্রেম আমার অহংকার’ ও ‘কষ্ট’সহ বিভিন্ন সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে। নব্বইয়ের দশকের শেষ দিকে ঢালিউডে জনপ্রিয় হয়ে ওঠা শাকিল খানের সঙ্গে মৌসুমীর জুটিও ছিল আলোচনায়।

হেলাল খান: জনপ্রিয় অভিনেতা হেলাল খানের সঙ্গেও কিছু ছবিতে দেখা গেছে মৌসুমীকে। তার মধ্যে ‘প্রিয় তুমি’, ‘ধ্রুবতারা’, ‘রক্তে আমার আগুন’ উল্লেখযোগ্য।

শাকিব খান: ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গেও জুটি বেঁধেছেন মৌসুমী। উত্তম আকাশ পরিচালিত ‘তুই যদি আমার হইতিরে’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা। পরে ‘দেবদাস’ সিনেমায়ও দেখা গেছে এই জুটিকে। দুই ভিন্ন প্রজন্মের তারকার একসঙ্গে পর্দায় আসা তখন দর্শকের আগ্রহ তৈরি করেছিল।

জাহিদ হাসান: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে অনেক নাটকে জুটি হয়েছেন মৌসুমী। তবে সিনেমায় তাদের দেখা গেছে কমই। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ সিনেমায় জাহিদ-মৌসুমী জুটির রসায়ন মুগ্ধতা ছড়িয়েছে।

ডিপজল: চলচ্চিত্রে মৌসুমী ও ডিপজল অসংখ্যবার একসঙ্গে অভিনয় করেছেন। তবে তারা জুটি হয়েছেন অল্প কিছু সিনেমায়। তারমধ্যে উল্লেখযোগ্য ‘দুলাভাই জিন্দাবাদ’ ও ‘সৌভাগ্য’ সিনেমা। দুটি সিনেমাতেই তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

নিলয়: মৌসুমীর পর্দার নায়কদের তালিকায় রয়েছে নিলয়ের নামও। ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার বিচারক ছিলেন মৌসুমী। পরে সেই প্রতিযোগিতার বিজয়ী নিলয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘ভালোবাসবোই তো’ সিনেমায়। ভিন্ন প্রজন্মের এই জুটি তখন বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

এ ছাড়া জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গেও অভিনয় করেছেন মৌসুমী। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ সিনেমায় মৌসুমীর স্বামীর চরিত্রে ছিলেন মোশাররফ করিম। তাদের এই জুটি দর্শকের কাছে ছিল কিছুটা ভিন্ন স্বাদের। ‘মেঘলা আকাশ’ সিনেমায় মৌসুমীর নায়ক হিসেবে দেখা গেছে আইয়ুব খানকে। ‘ভাঙন’ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

‘পাষাণের প্রেম’ সিনেমায় আদনানের সঙ্গে বিশেষ চরিত্রে দেখা গেছে মৌসুমীকে। সেখানে অমিত হাসান ও শাহরিয়ার নাজিম জয়ও অভিনয় করেছেন। সব মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে ঢালিউডের একাধিক প্রজন্মের নায়কের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।

Scroll to Top