সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে আবেগঘন বার্তা শাবনূরের

চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের পর্দার সঙ্গী ও জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
রোববার (৬ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান শাহকে স্মরণ করে একটি পোস্ট দেন শাবনূর। সেখানে তিনি লেখেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান।’
পোস্টে শাবনূর লিখেছেন, এত বছর পেরিয়ে গেলেও সালমান শাহর স্মৃতি তার হৃদয়ে অমলিন। পর্দার সেই ‘প্রিয় রাজপুত্র’ এবং দর্শকের ভালোবাসার ‘স্বপ্নের নায়ক’ আজও স্মৃতি ও ভালোবাসায় বেঁচে আছেন বলে উল্লেখ করেন তিনি।
সালমান শাহর অকালমৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা তিন দশকেও পূরণ হয়নি বলেও মন্তব্য করেন শাবনূর। সময় পেরিয়েছে, প্রজন্ম বদলেছে, কিন্তু সালমান শাহর জনপ্রিয়তা ও অভিনয়ের মায়া এখনো মানুষের হৃদয়ে একইভাবে জীবন্ত বলে লেখেন তিনি।
প্রিয় সহশিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে পোস্টের শেষাংশে শাবনূর লেখেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মারা যান সালমান শাহ। অল্প সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি দর্শকের মনে যে জায়গা করে নিয়েছিলেন, তিন দশক পরও তা অমলিন।
নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটি ঢাকাই সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা পায়। তাদের অভিনীত সিনেমাগুলো সে সময় দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…