ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ছবি ব্যবহার করে ‘বিখ্যাত নীল ছবিকে নকল করে তাক লাগালেন মোনামি’ শিরোনামে চ্যানেল ২৪–এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওরকম কোনো ছবি ঢাবি শিক্ষক মোনামীর ছিল না বলে জানা গেছে।
তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এমন কোনো ফটোকার্ড চ্যানেল ২৪ প্রকাশ করেনি। বরং ডিজিটাল সম্পাদনার মাধ্যমে চ্যানেল ২৪–এর লোগো ব্যবহার করে ‘ভুয়া ফটোকার্ড’ তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত শিরোনাম বা তথ্য চ্যানেল ২৪–এর ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে কোথাও প্রকাশিত হয়নি।
এ ছাড়া শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ফেসবুক পেজ পর্যালোচনায়ও এ ধরনের কোনো দাবির সত্যতা পাওয়া যায়নি। বরং তার একটি পারিবারিক ছবি ব্যবহার করে সেটি বিকৃতভাবে ফটোকার্ডে সংযুক্ত করা হয়েছে।
সব মিলিয়ে, শেহরীন আমিন ভূঁইয়া মোনামীকে নিয়ে চ্যানেল ২৪–এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে রিউমার স্ক্যানার।




