ভারত ও শ্রীলঙ্কায় চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপ থেকে আগেই বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া ও ওমান। তাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। তবে হতাশার বিশ্বকাপ অভিযানের শেষটা রাঙিয়েছে অস্ট্রেলিয়া। ওমানের সঙ্গে ৯ উইকেটে জয় দিয়ে আসর শেষ করেছে ২০২১ সালের চ্যাম্পিয়ন দলটি।
শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শুক্রবার টসে জিতে ওয়ানকে আগে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাটে নেমে ১৬.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১০৪ রানের সংগ্রহ গড়ে ওমান। জবাবে মার্শের ঝড়ো ব্যাটিংয়ে ৯.৪ ওভারে কেবল এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ রানের বড় ব্যবধানে জয় নিয়ে আসর শুরু করলেও জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ে বিপদে পড়ে অজিরা। এরপর হারে স্বাগতিক শ্রীলঙ্কার কাছেও। সবশেষ বৃষ্টিতে আইরিশ ও সিকান্দার রাজাদের ম্যাচ ভেস্তে গেলে বিদায় নিশ্চিত হয়ে যায় মার্শদের।
ইনিংসের প্রথম বলেই জেভিয়ার বার্টলেট আমির কলিমকে সাজঘরে ফেরান গোল্ডেন ডাকে। এদিন তার সঙ্গে সুবিধা করতে পারেননি ওমানের কোন ব্যাটারই। দলের বোর্ডে ১০০ রান যোগ হওয়ার আগেই ৮৯ রানে হারায় ৭ উইকেট। সর্বোচ্চ ৩২ রান করেছেন ওয়াসিম আলি। ১৭ রান করেন অধিনায়ক যতিন্দর সিং। ১৬ রান এসেছে হাম্মাদ মির্জার ব্যাট থেকে। শেষপর্যন্ত দলটির বোর্ডে যোগ হয় ১০৪ রান।
বল হাতে অ্যাডাম জাম্পা দেখান ঘূর্ণি জাদু। ৩.২ ওভারে ২১ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল ও বার্টলেট শিকার ২টি করে উইকেট। এছাড়া মার্কাস স্টয়নিস ও নাথান এলিস নেন একটি করে উইকেট।
রা তাড়ায় নেমে দুই ওপেনার মার্শ ও ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়াকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। ৩২ রানে শাকিল আহমেদের বলে আউট হয়ে ফেরেন হেড। তার দল তখন জয় থেকে কেবল ১২ রান দূরে। জশ ইংলিশকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন মার্শ। ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। ইংলিশের অবদান ১২ রান। ৬২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।


