
সাতক্ষীরা, ২৮ ফেব্রুয়ারি – শুক্রবার দেশে একটি বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে যার উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।
রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার এই কম্পন সাতক্ষীরা অঞ্চলে ব্যাপকভাবে অনুভূত হওয়ার পেছনে ভূগর্ভস্থ বালু উত্তোলনকে অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন স্থানীয়রা। জেলার আশাশুনি ও শ্যামনগরের বিস্তীর্ণ এলাকার খাল বিল ও নদীর তলদেশ থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের ফলে মাটির গঠন দুর্বল হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মেন্দিনগর এলাকায় অবৈধ ড্রেজিংয়ের কারণে সদ্য নির্মিত একটি সড়ক ধসে পড়ার উপক্রম হয়েছে। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও রোগী পরিবহনসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত এই সড়কটিই আশপাশের গ্রামগুলোর যাতায়াতের একমাত্র মাধ্যম। স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী মহল রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে বালু তুললেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
এ বিষয়ে কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম জানান যে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুজ্জামান কনক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।
এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬





