সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার পদ থেকে অপসারণ করেছে দেশটির আদালত। শুক্রবার (৪ এপ্রিল) দেশটির সাংবিধানিক আদালত এই রায় দেয়।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আদালতের ৮ বিচারকের মধ্যে ৬ জন প্রেসিডেন্ট ইউনকে অপসারণের পক্ষে রায় দেন। ফলে আইনগত জটিলতা শেষ হয়ে এবার চূড়ান্তভাবে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে। যদিও অভিশংসনের পর থেকে ইউন কোনও নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে পারছিলেন না, তবে তিনি পদে বহাল ছিলেন। এই রায়ের মাধ্যমে তার দায়িত্বের সম্পূর্ণ সমাপ্তি ঘটল।
সাউথ কোরিয়ায় আগামী ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে। আদালত বলেছে, গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারি করে ইউন সুক-ইওল জনগণের অধিকার “লঙ্ঘন” করেছেন।
সাউথ কোরিয়ার সাংবিধানিক আদালত গত বছরের শেষের দিকে সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার পদ থেকে অপসারণের রায় দিয়েছে।
মূলত গত বছরের ৩ ডিসেম্বর সন্ধ্যায় ইউন সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন ঘোষণা করেন। সেসময় তিনি দাবি করেন, রাষ্ট্রবিরোধী এবং উত্তর কোরিয়ার শক্তি সরকারে অনুপ্রবেশ করেছে।



