স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তারা এখন ডিজিটাল কার্ড দেবে। এ নিয়ে সম্প্রতি পিআইডির সঙ্গেও মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে।
তবে এই উদ্যোগকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, বিশেষ করে যাঁরা সচিবালয়কেন্দ্রিক সাংবাদিকতা করেন। অনেকের প্রশ্ন, এটি কি কেবল নিরাপত্তাজনিত সিদ্ধান্ত, নাকি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংকুচিত করার একটি সূক্ষ্ম কৌশল? পেশাদার সাংবাদিকদের মতে, সচিবালয়ে প্রবেশে যদি আলাদা পাসই শেষ কথা হয়, তাহলে পিআইডির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের যৌক্তিকতা কী? দুই জায়গা থেকে কার্ড নেওয়ার প্রয়োজন কেন?
৪ জানুয়ারি সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে এ নিয়ে উদ্বেগের কথা জানায় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম। তথ্য উপদেষ্টা সে দিন জানিয়েছিলেন, সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের দুজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে তিনি এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন।
তবে তথ্য উপদেষ্টা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সাংবাদিকেরা আগের নিয়মেই অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা নিরাপত্তা পাস দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে তাঁর জানা নেই।


