
কুষ্টিয়া, ২২ ফেব্রুয়ারি – সাংবাদিকতাকে একটি মহান পেশা হিসেবে উল্লেখ করে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, গণমাধ্যমকর্মীদের কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়া উচিত নয়। তিনি আগামী দিনে সাংবাদিকদের কাজের স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি আমির হামজা সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা যে তথ্যগুলো সংগ্রহ করে জাতির সামনে উপস্থাপন করেন, তা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে এই কাজকে ছোট করে দেখি না, বরং একে একটি মহান পেশা এবং ইবাদত হিসেবে মনে করি।
তিনি আরও বলেন, ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা জরুরি। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে কোনো বিশেষ মহলের আনুকূল্য না পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
রমজান মাসে ধর্মীয় অনুশাসন পালনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা ইবাদত করছেন। আমরা চাই এই ধর্মীয় পরিবেশ ও আচরণ যেন বছরের বাকি ১১ মাসও অব্যাহত থাকে।
জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন শহর জামায়াতের আমির এনামুল হক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর ও কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের মজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন এবং কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬




