
ছবি: সংগৃহীত
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক মাইনুল ইসলামকে সম্মাননা অ্যাওয়ার্ড দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।
রোববার ৬ সেপ্টেম্বর ফ্লোরিডার কিসিমিতে অনুষ্ঠিত ফোবানার ৪০তম কনভেনশনের গালা ও উদ্বোধনী আয়োজনে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের সাংবাদিকতা, আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সম্মেলন ও বিভিন্ন ইভেন্ট কাভার এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নানা বিষয় গণমাধ্যমে তুলে ধরার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
মাইনুল ইসলাম বর্তমানে চ্যানেল আই যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন, গুরুত্বপূর্ণ বৈঠক ও নানা আন্তর্জাতিক আয়োজনের সংবাদ কাভার করেছেন। জাতিসংঘের বিভিন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থেকে সংবাদ ও বিশেষ প্রতিবেদনও করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট কাভারেও তার অভিজ্ঞতা রয়েছে। তিনি ফিফা অ্যাক্রেডিটেশন ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল ইভেন্টের অ্যাক্রেডিটেশন ও সংশ্লিষ্ট কার্যক্রমে কাজ করার সুযোগ পান।
দেশে সাংবাদিকতা জীবনে মাইনুল ইসলাম গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)-এর অ্যাসাইনমেন্ট এডিটর এবং একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি সংবাদ পরিকল্পনা, সম্পাদনা, মাঠপর্যায়ে রিপোর্টিং ও টেলিভিশন উপস্থাপনায়ও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত দ্য বাংলা আওয়ার ও বিএইচটিভির প্রধান সম্পাদক এবং বাংলা আওয়ার ডটকমের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মাইনুল ইসলাম। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সাফল্য, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তিনি নিয়মিত গণমাধ্যমে তুলে ধরছেন।
সম্মাননা গ্রহণের পর মাইনুল ইসলাম বলেন, সাংবাদিকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, মানুষের কথা তুলে ধরার একটি দায়িত্ব। দেশ, প্রবাস ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ পেয়েছি। ফোবানার এই সম্মাননা আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমাকে অনুপ্রাণিত করবে।
ফোবানার ৪০তম কনভেনশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশ নেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…