”সরকারের ১০০ দিন আশাব্যঞ্জক হলেও সুশাসন উদ্বেগজনক” | চ্যানেল আই অনলাইন

”সরকারের ১০০ দিন আশাব্যঞ্জক হলেও সুশাসন উদ্বেগজনক” | চ্যানেল আই অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সরকারের প্রথম ১০০ দিনকে সামগ্রিকভাবে আশা জাগানিয়া ও সম্ভাবনাময় হিসেবে মূল্যায়ন করলেও সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সুনির্দিষ্ট পথরেখা ও কার্যকর উদ্যোগের ঘাটতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার (৭ জুন) প্রকাশিত “শততম দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ” শীর্ষক প্রতিবেদনে এই মূল্যায়ন তুলে ধরা হয়।

টিআইবি জানায়, ইতিবাচক দিক থাকলেও কার্যকর সংসদ প্রতিষ্ঠার উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। অধিকাংশ সংসদীয় কমিটি গঠন না হওয়া এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন বিষয়ে সরকারের অবস্থান অস্পষ্ট রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

টিআইবি আরও জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কিংবা হামের মতো গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যু নিয়ে কার্যকর আলোচনা বা উদ্যোগ দেখা যায়নি।

এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা এবং বিতর্কিত ব্যক্তিদের মন্ত্রী হিসেবে নিয়োগ যাদের মধ্যে ফৌজদারি মামলার আসামি ও ঋণখেলাপিও রয়েছেন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

টিআইবি অভিযোগ করেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা রয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ব্যাপকভাবে ঘটেছে। পাশাপাশি ধর্মান্ধ শক্তিকে নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলেও মন্তব্য করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন পুনর্গঠন বা কার্যকর করার ক্ষেত্রে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই যা হতাশাজনক।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শততম দিন আশাব্যঞ্জক হলেও দেশ আইনের শাসন প্রতিষ্ঠায় পিছিয়ে যাচ্ছে। দুর্নীতি দমন, মানবাধিকার রক্ষা ও তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার চিত্র স্পষ্ট।

তিনি আরও বলেন, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি না থাকলে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।

Scroll to Top