নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মচারীরা আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন। এ প্রক্রিয়া আজ মঙ্গলবারের (২০ অক্টোবর) মধ্যে শেষ করার কথা রয়েছে।
গত ৫ অক্টোবর পে ফিক্সেশন কার্যক্রম শুরু হয়েছিল।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো অনুযায়ী মূল বেতন নির্ধারণের কাজ শেষ হলে অক্টোবরের বেতন পরিশোধের সময় বর্ধিত অর্থ দেওয়া হবে।
এদিকে সরকারি চাকরিজীবীরা চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে নতুন বেতনকাঠামোর বাড়তি মূল বেতন ও বকেয়া অর্থ পেতে যাচ্ছেন। তবে আপাতত বাড়ছে না বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা।
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা ২০২৬ সালের ৩০ জুনে আহরিত মূল বেতনের ভিত্তিতে দেওয়া হবে।
গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ভাতা দেওয়ার ক্ষেত্রে আগের ভিত্তি বহাল রাখা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের প্রক্রিয়াটি ‘পে ফিক্সেশন’ নামে পরিচিত।
আইবাস++ পে ফিক্সেশন মডিউলে নতুন বেতন নির্ধারিত হবে। চাকরিজীবীরা এই পোর্টালে প্রবেশ করে নিজেদের চাকরিসংক্রান্ত তথ্য দেবেন। প্রথমে দিতে হবে নিজেদের পরিচয়। এর মধ্যে থাকবে জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতন। আগের বেতন নির্ধারণের তথ্যও মিলিয়ে দেখতে হবে।
নতুন কাঠামোতে কার মূল বেতন কত হবে, তা বেতন নির্ধারণের মাধ্যমে ঠিক হবে।
আগের মূল বেতন এবং নতুন নির্ধারিত মূল বেতনের পার্থক্য, চাকরিজীবীর পদবি, গ্রেড এবং নতুন বেতন স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখের ওপর ভিত্তি করে বকেয়ার পরিমাণ হিসাব করা হবে।
অর্থ বিভাগের সূত্র বলছে, নতুন স্কেলে বেতন নির্ধারণের কাজ শেষ হওয়ার পর বকেয়া বা এরিয়ার বাবদ ৩ মাসের টাকা একসঙ্গে পরিশোধ করবে সরকার। তবে প্রতিটি গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারিত বেতন এবং বেতন কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখের ওপর ভিত্তি করে ব্যক্তিভেদে এই বকেয়ার পরিমাণ ভিন্ন হবে।
কারো পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড হয়ে থাকলে সেসব তথ্যও দিতে হবে। এসব তথ্যের পক্ষে থাকা অফিস আদেশ ও প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে।
বিশেষ করে নাম, এনআইডি, জন্মতারিখ, পদবি, গ্রেড ও বেতনসংক্রান্ত তথ্য ভালোভাবে মিলিয়ে দেখা জরুরি।
ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে বেতন নির্ধারণ বাধাগ্রস্ত হতে পারে। তাই আইবাস++ এ নিবন্ধিত মোবাইল নম্বর প্রয়োজন পড়বে। এর পাশাপাশি এনআইডি চাকরির নথিতে থাকা জন্মতারিখ ও অন্যান্য তথ্য হালনাগাদ করে আবেদন করতে হবে।



