‘সব সময়ই যানজট থাকে, মেনে নেওয়া ছাড়া উপায় কী’

‘সব সময়ই যানজট থাকে, মেনে নেওয়া ছাড়া উপায় কী’

বরিশাল নগরের প্রায় সব প্রধান সড়ক এখন ভ্রাম্যমাণ দোকানিদের দখলে। ফুটপাত তো বটেই, নগরের পোর্ট রোড, কে বি হেমায়েত উদ্দীন (গির্জা মহল্লা), ফলপট্টি, চকবাজার, কাঠপট্টি রোড, ফজলুল হক অ্যাভিনিউ সড়কের অনেকাংশ দখল করে ভ্রাম্যমাণ দোকান বসিয়েছেন ব্যবসায়ীরা। বাড়তি সমস্যা অবৈধ পার্কিং। বাণিজ্যিক এসব এলাকার অপ্রশস্ত সড়কের দুই পাশ দিয়ে ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ পার্কিংয়ের কারণে প্রায়ই যানজট লেগে থাকে। এসব সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাও দুরূহ।

সম্প্রতি নগরের বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় সিটি করপোরেশন। অভিযানে নগরের চৌমাথা এলাকার লেকপাড়, চৌমাথা বাজারের সামনে সিঅ্যান্ডবি সড়কের ফুটপাত, বিবির পুকুর পাড়, বেলস পার্কের সড়কের দুই পাশে ভ্যানে গড়ে ওঠা ফাস্ট ফুডের দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু মাস না ঘুরতেই এসব এলাকার ফুটপাত আবার দখল হয়ে গেছে।

সরেজমিন দেখা যায়, চৌমাথা লেকপাড়ের দক্ষিণ ও পশ্চিম পাশে অন্তত ১০০টি ভ্রাম্যমাণ দোকান বসিয়ে বিভিন্ন খাবারের দোকান বসানো হয়েছে। এ ছাড়া পূর্ব পাড়ে যেসব খাবারের দোকান ছিল, সেগুলো সিঅ্যান্ডবি সড়কের পূর্ব পাশের ফুটপাত দখল করে আবার ব্যবসা চালাচ্ছে। এমনকি এসব দোকানে আসা ক্রেতাদের বসার জন্য সড়কের ওপরে টেবিলে চেয়ারও পাতা হয়েছে। চটপটি, ফুচকা থেকে শুরু করে বার্গার, ফ্রাই—সবই মিলছে ফুটপাতে।

Scroll to Top