আন্তর্জাতিক বিরতিতে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে কয়েকঘণ্টা পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে বেশ আত্মবিশ্বাসী দুদলের কোচ-খেলোয়াড়। র্যাঙ্কিংয়ে লাল-সবুজদের চেয়ে ৭২ ধাপ এগিয়ে ভিয়েতনাম। তাদের মাটিতে দারুণ কিছু করতে মুখিয়ে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের হ্যাং ডে স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম আছে ১০৮এ। বাংলাদেশ ১৮০তে।
দেশ যখন ঈদ উৎসবে, তখন ব্যস্ততা চলছে জাতীয় দলের। শুক্রবার রাতে ঢাকা ছাড়ে দলটি। শনিবার সকালে পৌঁছায় ভিয়েতনামের হ্যানয়ে।

সেসময় দলের সাথে ছিলেন না হামজা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রোববার দলের সঙ্গে তার যুক্ত হওয়ার কথা ছিল। ক্লাব লেস্টার সিটি থেকে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় বিলম্বিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভিয়েতনামে পৌঁছেই দলের সঙ্গে যোগ দেন লাল-সবুজের তারকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিডিও বার্তায় চোট নিয়েও কথা বলেন, ‘কোন সমস্যা নেই, আলহামদুলিল্লাহ্, এখন বেশ ভালো লাগছে।’
ভক্ত-সমর্থকদের ঈদ শুভেচ্ছায় হামজা বলেছেন, ‘১৫ ঘণ্টার ভ্রমণ শেষ করে এখানে এসেছি, খুব বেশি কষ্ট হয়নি। এখন দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে এবং ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। ঈদ মোবারক।’
এদিকে বুধবার লড়াইয়ের আগেরদিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ছিলেন দুদলের কোচ এবং অধিনায়ক। বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা হামজাকে খেলনো নিয়ে কথা বলেন।

ক্যাবরেরা বলেন, ‘হামজা গতকাল বিকেলে এসে পৌঁছেছে। সে ভালো আছে, কিন্তু আবহাওয়া ও সময়-অঞ্চলের সাথে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। আমরা তার অবস্থা মূল্যায়ন করে ম্যাচের জন্য তার অংশগ্রহণ বিবেচনা করব।’
দলের মূল লক্ষ্য নিয়ে কোচ বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হল সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন আনুষ্ঠানিক ম্যাচের জন্য প্রস্তুতি নেয়া। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’
সব ক্লান্তি ও প্রস্তুতি পেরিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশের অগ্রগতির কথা টেনে বলেছেন, ‘ম্যাচ কঠিন হবে, কিন্তু বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।’

অন্যদিকে প্রতিপক্ষ কোচের চিন্তা হামজাকে নিয়ে। বাংলাদেশ তারকার জন্য আলাদভাবে ছক কষছেন স্বাগতিক কোচ কিম সাং সিক। বলেছেন, ‘হামজাকে চিনি। সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়দের সাথে মিলে আমরা তার শক্তির জায়গাগুলো মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে ভিডিও বিশ্লেষণ করছি। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।’
বর্তমানে বাংলাদেশের উন্নতির কথাও বলেছেন কিম সাং, ‘গতবছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, কোচিং স্টাফ থেকে শুরু করে দল পর্যন্ত। বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে। তাদের মধ্যে কয়েকজন আগে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হয়েছিল। বিশ্বাস করি, তাদের বর্তমান স্কোয়াড আগের চেয়ে অনেকবেশি শক্তিশালী।’
শক্তির বিচারে ভিয়েতনাম বেশ এগিয়ে থাকলেও মাঠে শমিত সোম, হামজা, জায়ান আহমেদ, জামালদের আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মনোভাব, গত নভেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ২২ বছর পর জয়ের সুখস্মৃতি এগিয়ে রাখবে বাংলাদেশকে। ম্যাচের আগে নিজেদের বেশ ঝালিয়ে নিয়েছেন শমিত-জায়ানরা।
এই ম্যাচের পর আরও একটি গুরুত্বপূর্ণ লড়াই আছে বাংলাদেশর। ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচটি সামনে রেখে ভিয়েতনামের বিপক্ষে শুধু ভালো ফলাফল করতেই চাইছে না বাংলাদেশ, নিজেদের পরিস্থিতিও যাচাই করতে চাইছে।





