সন্দেহভাজন অবৈধ অভিবাসী বিষয়ে বাংলাদেশকে যা জানালো ভারত | চ্যানেল আই অনলাইন

সন্দেহভাজন অবৈধ অভিবাসী বিষয়ে বাংলাদেশকে যা জানালো ভারত | চ্যানেল আই অনলাইন

অবৈধ অভিবাসী প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর ও দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ জাতীয়তা যাচাই প্রক্রিয়া আরও দ্রুত করবে বলে আশা প্রকাশ করেছে ভারত।

শনিবার (৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বরাতে জানা যায়, নয়াদিল্লি বলছে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের বিষয়ে পাঠানো অনেক আবেদন বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে এখনো অমীমাংসিত রয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নির্বাসন প্রক্রিয়ার জন্য দুই দেশের মধ্যে ইতোমধ্যে একটি দ্বিপাক্ষিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তিনি বলেন, আমরা এই মামলাগুলো বাংলাদেশের কাছে পাঠাই, যাতে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয়তা যাচাই করতে পারে। যাচাই সম্পন্ন হলে নির্বাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।

জয়সওয়াল আরও বলেন, ভারত এ ধরনের একাধিক অনুরোধ বাংলাদেশকে পাঠিয়েছে, যার অনেকগুলো এখনো বিচারাধীন। আমরা আশা করি এগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে, যাতে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নির্বাসন একটি সুষ্ঠু ও কার্যকর প্রক্রিয়ায় সম্পন্ন করা যায়।

ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে—বাংলাদেশের এমন অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, ভারতে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, বাংলাদেশসহ যেকোনো দেশের নাগরিক যদি অবৈধভাবে অবস্থান করেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চলমান ‘পুশ-ইন’ ইস্যুতে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী সংক্রান্ত এক প্রশ্নে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সম্পর্কে তিনি বলেন, আমি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিবৃতি দেখিনি এবং দেখার পর মন্তব্য করবো।

Scroll to Top