দেশে মব কালচার শেষ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দাবী আদায়ের জন্য সড়ক-মহাসড়ক অবরোধ সহ্য করা হবে না।
বুধবার প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
মন্ত্রী স্পষ্টভাবে বলেন যে, আজকের পর থেকে দেশে প্রচলিত মব কালচারের অবসান ঘটল এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বাহিনীর কোনো সদস্য যদি অপেশাদার আচরণ বা কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তবে তাকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ পুলিশের কোনো সদস্যের জন্য থাকবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এই বাহিনীর প্রধান কাজ এবং সেই লক্ষ্যেই তারা কাজ করবে বলে তিনি আশ্বস্ত করেন।
পুলিশ বাহিনীর হৃত গৌরব পুনরুদ্ধারে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান যে, তার মন্ত্রণালয়ে এখন থেকে কোনো প্রকার অবৈধ তদবির বা অনৈতিক সুপারিশ সহ্য করা হবে না। বদলি, নিয়োগ বা অন্য যেকোন প্রশাসনিক কাজে মেধা ও যোগ্যতাকে প্রধান্য দেওয়া হবে।
মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তগুলো দেশের সার্বিক স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।


