আগের দিন সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ ৩১ জন নিহত হন। আহত হন দেড় শতাধিক। মর্মান্তিক এ ঘটনার পর মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয় সোমবার দিবাগত রাত তিনটার দিকে। তখন শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। সকালে এই ঘোষণা নিয়ে সারা দেশের পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। এ ঘটনা শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে।
ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একজন এইচএসসি পরীক্ষার্থী গতকাল সচিবালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে প্রথম আলোকে বলেছে, মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পর সারা দিনেও পরীক্ষা স্থগিত না করে রাত তিনটার দিকে কেন স্থগিত করার সিদ্ধান্ত নিতে হবে? সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর জানা গেল, পরীক্ষা স্থগিত। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চায় না তারা। তাই তাঁদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এসেছে বলে জানায় সে।
বিক্ষোভ চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হলেও শিক্ষার্থীরা অন্য দাবিতে বিক্ষোভ চালিয়ে যায়।
সচিবালয় রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর (কেপিআই) একটি। প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই সচিবালয় থেকে মূলত গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তগুলো দেওয়া হয়। তাই সচিবালয়ে বাড়তি নিরাপত্তা থাকে। এখানে ঢুকতে গেলে বিশেষ পাসের প্রয়োজন হয়। কিন্তু বিপুলসংখ্যক বিক্ষুব্ধ শিক্ষার্থী সচিবালয়ের প্রধান ফটক ধাক্কাতে ধাক্কাতে ভেতরে ঢুকে পড়ে। এর আগে তারা মূল ফটকের সামনে জড়ো হয়ে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করে।


