শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধকারী এইচএসসি পরীক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভেনিউয়ে অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ব্যারিকেড অতিক্রম করে তারা সংসদ ভবনের সামনে বটতলা গেইটে পৌঁছান।
শিক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশেই আটকে রেখেছেন। ফলে আসাদগেইট থেকে খামারবাড়ির দিকে এবং খামার বাড়ি থেকে আসাদ গেইট অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউর সড়কে অবস্থান নিয়েছে, এর ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে পুলিশের বাড়তি ফোর্স রয়েছে।”
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষাগ্রহণ এবং শিক্ষামন্ত্রীর কথিত কটূক্তির প্রতিবাদে এদিন দুপুর পৌনে ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড় আটকে বিক্ষোভ শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে দুপুরে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা হন।
দুপুর পৌনে ১টার দিকে তাদের বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠের সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। পরে দুপুর পৌনে ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা পলাশী হয়ে হয়ে শিক্ষা বোর্ডের দিকে রওনা হন।
আন্দোলনকারীরা দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন পরীক্ষার্থীরা। এরপর তারা সায়েন্স ল্যাব মোড়ে ফিরে আবারও সড়ক আটকিয়ে বিক্ষোভ শুরু করেন।
এদিন উত্তরা বিএনএস টাওয়ারের সামনে দুপুর পৌনে ১২টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। এর ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।



