সংসদে বিল আকারে পাস অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ | চ্যানেল আই অনলাইন

সংসদে বিল আকারে পাস অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ | চ্যানেল আই অনলাইন

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা একাধিক অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে এসব বিল পাশ হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) মোট ১৬টি বিল উত্থাপন করা হয়, যার মধ্যে ১৪টি বিল পাস হয়েছে এবং বাকি দুটি বিল আইনে রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এসব বিল সংসদে উপস্থাপন করেন। দিনব্যাপী অধিবেশনে সকাল ও বিকাল দুই পর্বেই বিল পাসের কার্যক্রম চলে।

বিকালের অধিবেশনে পাস হওয়া গুরুত্বপূর্ণ বিলগুলোর মধ্যে রয়েছে নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬; নির্দিষ্টকরণ আইন, ২০২৬; বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) রহিতকরণ আইন, ২০২৬; বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬; শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) আইন, ২০২৬ এবং বাণিজ্যিক আদালত আইন, ২০২৬।

এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬ বিলটি সংসদে উত্থাপন করা হয়েছে। সকালের অধিবেশনে আরও আটটি বিল পাস করা হয়। এর মধ্যে হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, সিভিল কোর্টস (সংশোধন) বিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, রেজিস্ট্রেশন (সংশোধন) বিলসহ কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংশোধনী বিল উল্লেখযোগ্য।

এদিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন বিলটি সংসদে উত্থাপন করা হলেও তা এখনো পাস হয়নি। বিলটি সংশোধন শেষে পরবর্তীতে পাস করা হবে বলে জানা গেছে।

Scroll to Top