
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – শপথের দিন সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে দেশের জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোট ও সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
তবে সরকারি দল অতিদ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তাঁর দাবি অনুযায়ী ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ভোট গণনায় কারচুপি করা হয়েছে। নতুন মন্ত্রিসভা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নতুন মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি এবং এটি অন্তর্ভুক্তিমূলক হয়নি। নারীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর উপস্থিতি নেই এবং মন্ত্রিসভায় অর্ধেকের বেশি ব্যবসায়ী, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ঋণখেলাপি।
তিনি আরও অভিযোগ করেন, মন্ত্রিসভায় হত্যা মামলার আসামিও রাখা হয়েছে এবং এর গঠনে কোনো নতুনত্ব নেই। এছাড়া নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত কয়েক দিন ধরে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, এটি নতুন সরকারি প্রশাসন ও দলের প্রশ্রয়ে হচ্ছে। নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির যোগসাজশ ছিল বলেও তিনি মন্তব্য করেন।
এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬




