শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার | চ্যানেল আই অনলাইন

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার | চ্যানেল আই অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার মধ্য দিয়ে সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ হয়েছে। গত ২২ জানুয়ারি শুরু হওয়া নির্বাচনী প্রচার চলে টানা ২০ দিন।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মৃত্যুবরণ করায় ওই আসনের নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ রাখার বাধ্যবাধকতা রয়েছে। একই বিধান রয়েছে ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায়। সেখানে বলা হয়েছে, ভোটের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে প্রচার শুরু করা যাবে না এবং ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টা আগে সব প্রচারণা শেষ করতে হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচার-প্রচারণা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। দেশজুড়ে মোট ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ৭৭৯টি।

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে ২৫৮ জন, জামায়াতে ইসলামী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে ২২৯ জন এবং জাতীয় পার্টি ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে ১৯৮ জন প্রার্থী দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক ব্যবহার করছেন।

Scroll to Top